সাবেক ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

সাবেক ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

নেত্রকোনার মদনে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক চ্যাম্পিয়নের মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মাজারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন। পরে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।

বিজ্ঞাপন

এ ঘটনায় শামসুল হক চ্যাম্পিয়ন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, চুরি যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

মদন থানার ওসি সালাউদ্দিন করিমের তত্ত্বাবধানে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার বাসিন্দা। তিনি আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি।

পুলিশের ভাষ্য, জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় আঃ লতিফের চায়ের দোকানের পূর্ব পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, জয়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, জয় আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন