ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহার ঘোষণাকালে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, সংসদীয় এলাকায় সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। একই সঙ্গে এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও জানান, ডিজিটাল দারিদ্র্যসূচক নির্ধারণের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণমুক্ত পরিবেশ গড়ে তুলে যোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষাব্যবস্থা সহজীকরণ এবং ইউনিয়ন পর্যায়ে শিক্ষাভাতা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
ইশতেহারে যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্তকরণ, বন্ধ জুট মিল পুনরায় চালু, নদীশাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিতকরণ, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটার যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩১ দফা রূপরেখাও ইশতেহারে তুলে ধরা হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেন বলেও জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

