কখনো যোগাযোগ মাধ্যম, কখনো ব্যানার, লিফলেট ইত্যাদিসহ নানা পদ্ধতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের আশায় নির্বাচনি প্রচার চালিয়ে থাকেন।
তবে এবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে প্রচার চালাতে ভিন্ন এক পন্থা বেছে নিয়েছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) হাঁস প্রতীকের প্রার্থী এবি সিদ্দিকুর রহমান।
এ প্রার্থীর পক্ষে তারই ভাতিজা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) মুশফিকুর রহমান পত্রিকার ভেতর হাঁস প্রতিকের লিফলেট ও চিঠি দিয়েছেন। আর ওই চিঠির মাধ্যমেই ভোট চেয়েছেন সাধারণ মানুষের কাছে। গফরগাঁও উপজেলায় আসা সকল পত্রিকার ভেতর লিফলেট ও চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা আছে
"বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৫, ময়মনসিংহ -১০ (গফরগাঁও পাগলা) আসনে গফরগাঁওয়ের আপামর জনগণের সমর্থনে আপনাদের সেবায় গফরগাঁওয়ের উন্নয়নের জন্য সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক গফরগাঁও বিনির্মানের জন্য রহমান পরিবারের পক্ষ থেকে আমার চাচা জনাব এ. বি. সিদ্দিকুর রহমান সাহেব (হাঁস) প্রতীকে নির্বাচন করছেন।
সেই মর্মে ইনসাফ, সহাবস্থান ও শান্তির গফরগাঁও প্রতিষ্ঠার লক্ষ্যে একান্তভাবে আপনার সমর্থন ও সহযোগীতা কামনা করছি।
নিবেদক
আলহাজ্ব মুশফিকুর রহমান
এই অভিনব প্রচারের বিষয়ে মুশফিকুর রহমান বলেন, অনেকেই অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেকেই অনেক রকমভাবে প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, চিঠি সঙ্গে মানুষের একটা আবেগ জড়িত। তাই আমি অন্যান্য প্রচারণার পাশাপাশি চিঠিকেও বেছে নিয়েছি।"
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

