অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ কারণে দ্রুত সময়ের মধ্যে তালিকা পুনরায় যাচাই করে নতুন করে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
শনিবার মদন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু যে তালিকা তৈরি হয়েছে, সেখানে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়েছে, আবার অক্ষত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।”
তিনি আরো বলেন, “এতে প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধু তাদের নামই তালিকায় থাকতে হবে।”
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি আমার দল থেকেও কেউ চাপ দেয়, আপনারা তা মানতে বাধ্য নন। আমি প্রশাসনের পাশে আছি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

