ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে বিজয় অর্জন করায় দলীয়ভাবে আনন্দ প্রকাশের অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে বগুড়ার শেরপুরে। বিজয় মিছিল নিষিদ্ধ থাকায় দলীয় ইশতেহারের আলোকে বিজয়ের প্রতীক হিসেবে ২১২টি গাছের চারা রোপণ করা হয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন শেরপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশবান্ধব এই কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম সবুজ, শামস আরাফাত শিশির, হিমেল, পৌর যুবদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুব নেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, আব্দুল বারিক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সহ-সভাপতি নাজমুল আলম আকাশ, বিএনপি নেতা শহিদুল ইসলাম পাশাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর ইসলামিয়া কলেজ, আমইন দাখিল মাদরাসা, তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুসুম্বী ইউনিয়ন পরিষদ চত্বর সহ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১২টি চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপস্থিত থেকে কর্মসূচিকে স্বাগত জানান।
কর্মসূচি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা তুষার বলেন, বিজয়ের আনন্দকে আমরা পরিবেশ রক্ষার বার্তায় রূপ দিতে চাই। একটি গাছ মানে একটি প্রাণ এই উপলব্ধি থেকেই আমাদের এই উদ্যোগ। বৃক্ষরোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশ-বান্ধব কার্যক্রমেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

