বাছুর হত্যার অপরাধে সালিশ, ৮০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

বাছুর হত্যার অপরাধে সালিশ, ৮০ হাজার টাকা জরিমানা

জামালপুরের সরিষাবাড়ীতে বাছুরকে ঘাস খাওয়ার অপরাধে হত্যা করে ৮০ হাজার টাকা জরিমানা দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মালিপাড়া গ্রামের মৃত মহেজ উদ্দিন কায়েতের পুত্র খলিলুর রহমান তার জমিতে গবাদিপশুর জন্য ঘাস চাষ করেন। শনিবার একই এলাকার আফজাল হোসেনের পুত্র ছানোয়ার হোসেনের তিন মাস বয়সী সিন্ধি জাতের একটি বাছুর সেই জমিতে গিয়ে ঘাস খেতে শুরু করে। এ সময় খলিলের পুত্র রাকিব রাকিব বাছুরটি বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই বাছুরটি মারা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠক আয়োজন করেন। ঘটনা পর্যালোচনা শেষে খলিলুর রহমানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত রাকিবের বাবা খলিলুর রহমান বলেন, “আমার ছেলে বাছুরটিকে মারেনি। তবে বাছুরটি আমার খেতের মধ্যেই মরে পড়ে ছিল। তাই দোষ স্বীকার করে ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছি।”

বাছুরটির মালিক ছানোয়ার হোসেন জানান, “সাড়ে তিন মাসের দুধের বাছুরটি ঠিকমতো খাবার খাওয়াই শেখেনি। তাই বেঁধে না রেখে ছেড়ে রেখেছিলাম। রাকিবদের ক্ষেতে গিয়ে দু-একটি ঘাস না খেতেই বাছুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। গ্রামবাসী শান্তির লক্ষ্যে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন। এখনো কোনো টাকা হাতে পাইনি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...