সড়কের সংস্কারকাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা

সড়কের সংস্কারকাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা
ছবি: আমার দেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার সড়ক সংস্কারকাজ হঠাৎ বন্ধ থাকায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে এ সড়কে যানচলাচল ঝুঁকিপূর্ণ ও জনদুর্ভোগে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজার আরএইচডি-রায়গঞ্জ সিসি সড়কের মেরামত কাজ ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত মূল্য ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ কাজ শুরু করে গত ১১ ফেব্রুয়ারি। রাস্তার কাজ চলতি বছরের ১১ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৫০ শতাংশ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা।

দীর্ঘদিন কাজ চলমান না থাকায়, সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গর্ভবতী, বয়স্ক রোগী ও শিশুদের চিকিৎসাসেবা নিতে যাওয়াদের মৃত্যুঝুঁকি বেড়েছে। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সরকার শিমুল, লুৎফর রহমানসহ অনেকেই জানান, ভাটারা-কালিবাড়ি গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন দুই সহস্রাধিক যানবাহন চলাচল করে। সড়ক সংস্কারকাজে বিলম্বের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত কাজ শেষ করতে স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তবে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার জন্য এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন