দৈনিক আমার দেশ-এর অনলাইন ও প্রিন্ট সংস্করণে সংবাদ প্রকাশের পর গফরগাঁও পৌরসভার বিভিন্ন কক্ষ দখল করে বসবাস করা তিন কর্মকর্তা অবশেষে কক্ষগুলো ছেড়ে দিয়েছেন। সোমবার সকাল ৮টার আগেই তারা পৌরসভার তিনটি কক্ষ খালি করে জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে ওঠেন।
কক্ষ ছেড়ে দেওয়া তিন কর্মকর্তা হলেন—পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, হিসাবরক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা ও উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।
জানা যায়, ওই তিন কর্মকর্তা সরকারি বাড়ি ভাড়া পাওয়ার পরও বিনামূল্যে পৌরসভার বিভিন্ন কক্ষ দখল করে বসবাস করে আসছিলেন। এ অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশের পর পৌর প্রশাসনের টনক নড়ে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কক্ষগুলো ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ ২০২৫ সালের ১ জুলাই গফরগাঁও পৌরসভায় যোগদানের পর থেকেই তিন তলার একটি কক্ষ দখল করে বসবাস করছিলেন। অপরদিকে, হিসাবরক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা ২০২৫ সালের ৪ এপ্রিল যোগদানের পর থেকে আরেকটি কক্ষ দখলে রেখেছিলেন।
এছাড়া উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেনও পাশের আরেকটি কক্ষ দীর্ঘদিন ধরে দখল করে বসবাস করছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

