জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নীলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেনÑওই গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। একই পরিবারের দুই নারীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর খবর তাদের স্বজনদের মধ্যে মাতম সৃষ্টি করে। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

