নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

এতে সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। পরে সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃষ্টিমুখর পরিবেশেও তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে তরুণ প্রজন্মকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং শহীদদের আত্মত্যাগের স্মরণে দেশপ্রেম, ঐক্য এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন