জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে খাবার টেবিলে অতিরিক্ত মাংস নষ্ট করার দায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় প্যান্ডেল, চেয়ার-টেবিল ও থালা-গ্লাসসহ আসবাবপত্র।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে এক বছর আগে চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে সম্পন্ন হয়। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন বরপক্ষ। কিছুক্ষণ পরই কনেকে নিয়ে যাবেন তাদের বাড়িতে। এরই মধ্যে খাবার টেবিলে অতিরিক্ত মাংস নষ্ট করার দায়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ২০ জন আহত হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

