জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও ২৩টি প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকেরা।
রোববার সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর বারটার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা।
মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ আরও অনেকই বক্তব্য রাখেন।
এদিকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশে উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট ভাংবাড়ী এলাকায় ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্টোকে মৃত্যু হয়েছে।
ফাতেমা বেগমের মৃত্যুতে সমাবেশস্থলে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়।
আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ঢাকাগামী যাত্রীরা।
এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

