জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ছবি: আমার দেশ

ঈদের ছুটিতে জামালপুরের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোয় ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারপরিজন ও বন্ধুবান্ধব নিয়ে আনন্দঘন সময় কাটাতে জেলার বিভিন্ন পর্যটন স্পটে ছুটে আসছেন হাজারো মানুষ।

ঈদের দিন থেকে শুরু করে ছুটির পুরো সময়জুড়ে জেলার লাউচাপড়া পিকনিক স্পট, লুইস ভিলেজ পার্ক, ব্রহ্মপুত্র পাড়ের ফৌজদারী চত্বর, আশেক মাহমুদ কলেজ পুকুর এলাকা, স্বপ্ন নীল পার্ক ও যমুনা পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব স্থানে ঘুরে বেড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

বিজ্ঞাপন

জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ পার্কে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ পরিবার নিয়ে সেখানে সময় কাটান। পার্কের বিভিন্ন রাইড, প্রাকৃতিক পরিবেশ ও খোলা জায়গা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। আশপাশের জেলার মানুষও আসছে ঈদ আনন্দ উদযাপনে।

অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটেও ছিল পর্যটকদের ব্যাপক উপস্থিতি। পাহাড়ঘেরা সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করেছে। লাউচাপড়ার পাহাড়িকা পার্ক ও সুউচ্চ ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। সারা দেশের নানা প্রান্ত থেকে ঈদ আনন্দ উদযাপনে গারো পাহাড়ের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছেন।

এছাড়া ইসলামপুরে যমুনা ও জামালপুর শহরে ব্রহ্মপুত্র নদীর তীর ও বালুর চর এলাকাতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। খোলা পরিবেশে নদীর পাড়ে ঘুরে বেড়ানো ও ছবি তুলতে ব্যস্ত সময় পার করেন তরুণ-তরুণীরা।

দর্শনীয় স্থানগুলোর মধ্যে জামালপুর সদরের শাহ কামালের মাজার, কমলপুর স্থলবন্দর ও যমুনা সার কারখানা এলাকাতেও দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে।

দর্শনার্থীরা জানান, ঈদের ব্যস্ততার মাঝেও পরিবার নিয়ে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ ও খোলা জায়গায় সময় কাটাতে পেরে আনন্দ আরও বেড়ে গেছে। বিনোদন পর্যটন কেন্দ্রগুলো পর্যটক বন্ধব করে গড়ে তোলার দাবি জনিয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঈদ ও উৎসবের ছুটিতে জামালপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন