নেত্রকোনা সরকারি কলেজে প্রভাষক নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজে প্রভাষক নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ

নেত্রকোনা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু সায়েমের নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ করা হয়েছে। ২০০৭ সালে মদন উপজেলার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে তার বেসরকারি নিয়োগের সময় প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি-না, তা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে তার বেসরকারি নিয়োগ এবং পরবর্তী সময়ে কলেজটি জাতীয়করণের পর আত্তীকরণের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন মোহাম্মদ আবু সায়েম ও কলেজটির সাবেক অধ্যক্ষ আব্দুল হক। তাদের দাবি, নিয়োগের সময় বিধি মেনেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক, শিক্ষা সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দেওয়া হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আজ বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হবে।

অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, মোহাম্মদ আবু সায়েম ২০০৭ সালে নেত্রকোনার মদন উপজেলার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে দর্শন বিভাগের প্রভাষক পদে বেসরকারিভাবে নিয়োগ পান। অভিযোগে বলা হয়েছে, ওই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি; শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। মৌখিক পরীক্ষায় দর্শন বিভাগে একমাত্র প্রার্থী ছিলেন তিনি। পরে তাকেই নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, একটি পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী উপস্থিত না থাকলে বাছাই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক হয় না। ওই নিয়োগের ক্ষেত্রে একটি পদের বিপরীতে একজন প্রার্থী উপস্থিত হওয়ায় প্রতিযোগিতামূলক বাছাইয়ের শর্ত পূরণ হয়নি। ফলে বিধি অনুযায়ী ওই নিয়োগ বৈধ হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৩ সালে কলেজটি জাতীয়করণ হলে আত্তীকরণের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও বিধি অনুসরণ করা হয়নি। পরবর্তী সময়ে মোহাম্মদ আবু সায়েম নেত্রকোনা সরকারি মহিলা কলেজে বদলি হন। সম্প্রতি তাকে নেত্রকোনা সরকারি কলেজে বদলি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর বক্তব্য, বেসরকারি নিয়োগটি বিধিসম্মত না হয়ে থাকলে পরবর্তী সময়ে আত্তীকরণের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে। এ কারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তার বেসরকারি ও সরকারি নিয়োগের বৈধতা নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক বলেন, ২০০৭ সালে দুজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগ বোর্ডে তিনি ছিলেন এবং তৎকালীন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ওই সময় প্রত্যেক পদের বিপরীতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগ দেওয়া হয়। এতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ আবু সায়েম বলেন, দুটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ১১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে দুটি পদের বিপরীতে তিনি ও অপর একজন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

তার ভাষ্য, প্রতি পদের বিপরীতে তিনজন প্রার্থী থাকার কথা থাকলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে অনুমোদন করিয়ে এনে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাই নিয়মের কোনো হেরফের হয়নি। পরিচিত একজন প্রতিহিংসাবশত এ অভিযোগ করেছেন দাবি করে তিনি অভিযোগটি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। দ্রুতই অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...