মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মো. শাহ জামাল (৪৫)। তিনি উপজেলার চর পলিশা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. হারেজ আলী এবং মায়ের নাম মোছা. ছালেহা বেগম।

সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে হাজরাবাড়ি পৌরসভাধীন বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু (দাঁতভাঙা ব্রিজ) সংলগ্ন জেমকো এগ্রো লিমিটেড (দইহাট) এলাকার একটি ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। সোমবার দুপুরে স্থানীয় লোকজন তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যেও তাকে ওই এলাকায় চলাফেরা করতে দেখা গেছে।

পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলমান তীব্র তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন