নেত্রকোনার মদনে মুয়াজ্জিনের রাজকীয় বিদায়

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে মুয়াজ্জিনের রাজকীয় বিদায়
ছবি: আমার দেশ

দীর্ঘ ১৩ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এককালীন দেওয়া হয়েছে আর্থিক অনুদান। বিদায়ি মুয়াজ্জিনকে এক নজর দেখতে রাস্তায় সারিবদ্ধ হয়ে এলাকাবাসী ভিড় করেন।

শুক্রবার অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে রাজকীয়ভাবে বিদায় জানানো হয় এ মুয়াজ্জিনকে।

বিজ্ঞাপন

উপজেলার মহিউদ্দিন মার্কেট জামে মসজিদে ১৩ বছর যাবৎ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন সুলতু মিয়া। তিনি মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। সুলতু মিয়া মুয়াজ্জিনের পাশাপাশি মদন পোস্ট অফিসে কর্মরত ছিলেন।

তিনি জীবনের শেষ প্রান্তে মুয়াজ্জিনের দায়িত্ব থাকাকালে সঠিক সময়ে আজান, মুসল্লিদের সঙ্গে সুন্দর আচরণ ও ভালোবাসায় স্থানীয়রা নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেন। বিদায়ি সফর সঙ্গী হিসেবে যুক্ত হয় অর্ধশতাধিক মোটরসাইকেল। মুসল্লিরা তাকে হাত নেড়ে কর্মজীবনের শেষ বিদায় জানান।

বিদায় পরবর্তী সময়ে যেন তার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারেন- এই চিন্তা থেকে মসজিদ কমিটি ও সব মুসল্লিরা এককালীন আর্থিক সহযোগিতা করেন । সমজিদ কমিটি বিদায়ী সংবর্ধনা, ক্রেস্ট ও নানা ধরনের উপহার তুলে দিয়ে বিদায় জানান। ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুয়াজ্জিনের নিজ বাড়িতে পৌঁছে দেন। এমন বিদায় জানাতে পেরে খুশি মার্কেটের মুসল্লিরা। মুয়াজ্জিনের দীর্ঘ দিনের স্মৃতি তাদের হৃদয়কে ব্যথিত করবে বলেও জানান।

বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে সমজিদ কমিটির সভাপতি আল মুনসুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ফকিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইমাম মাও. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক সাজু, সাবেক ইমাম সাইফুল ইসলাম, ব্যবসায়িক শফিকুল আলম, হাফিজুর প্রমুখ।

বিদায়ি মুয়াজ্জিন সুলতু মিয়া বলেন, এমন ব্যতিক্রমী বিদায়ে মার্কেটের মুসল্লীদের কাছে কৃতজ্ঞ। ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন মুয়াজ্জিন । সবাই তার জন্য দোয়া করেন এবং দোয়া চেয়ে বিদায় নেন।

মসজিদ কমিটির সভাপতি আল মুনসুরুল আলম আরিফ বলেন, দেশের ইমাম-মুয়াজ্জিন অবহেলিত অনেকে বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়েন। এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। মুয়াজ্জিনের পরবর্তী জীবন যেন ভালো কাটে- এজন্য আমরাও সামান্য আর্থিক অনুদান দিয়ে সামিল হয়েছি। উনাকে এভাবে বিদায় দিতে পেরে আমরাও নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি প্রত্যেক মসজিদ কমিটি যেন এমন উদ্যোগ গ্রহণ করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন