জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে প্রথম হয়েছেন নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। একই মূল্যায়নে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনও ফয়সাল আহমেদ এবং তৃতীয় হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের ইউএনও সুমন চৌধুরী।
২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ফলাফল নির্ধারণ করা হয়েছে বলে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও নাদির হোসেন শামীম।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুলতা, দ্রুততা ও দক্ষ ব্যবস্থাপনার ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এতে মদন উপজেলা প্রথম, হালুয়াঘাট দ্বিতীয় এবং মাদারগঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, জন্ম সনদ থাকা একজন নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল সরকারি সেবা এটার উপর ডিপেন্ড করে। এছাড়া মৃত্যু নিবন্ধনও খুব জরুরি। আমাদের উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ সবাই একযোগে কাজ করেছি বলে এ অর্জন সম্ভব হয়েছে। সবাই এ চেষ্টা অব্যাহত রাখবে বলে আমি আশা করি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

