শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
মঙ্গলবার নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রুকনুজ্জামান রুকন একটি প্রিপেইড মিটারের বিদ্যুৎ সংযোগ নেন। তবে গত ১৪ মাস ধরে ওই মিটারে কোনো প্রকার রিচার্জ না করায় বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি পরিদর্শনে গেলে বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের হাতেনাতে প্রমাণ পান।
অভিযোগ রয়েছে, পরিদর্শনকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন চরম অসৌজন্যমূলক আচরণও করেন।
নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, অনিয়ম ও অবৈধ সংযোগ ব্যবহারের অপরাধে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করে তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

