জামালপুরে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন হাফিজুর রহমান আকন্দের পতিত জায়গায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাকে থাকা ৯টি বস্তা থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ সময় মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪) ও পাঠুনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও বলেন, মদসহ গাড়ি তিনটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান, সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

