জামালপুরের সরিষাবাড়ী রেলক্রসিংয়ে গেটম্যানের অসতর্কতায় ট্রেনের ধাক্কায় খণ্ডবিখণ্ড হয়ে গেছে সারবোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও চালক শামসুল হক (৬৫) আহত হয়েছেন।
বুধবার সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি (তালুকদারবাড়ি) রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেন চালক শামসুল হক জানান, ভুঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেন তালুকদারবাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় তিনি আহত হন।
স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলওয়ে কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ট্রাক চালক মজনু মিয়া ও সহকারীকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঘোড়াশাল থেকে সারভর্তি ট্রাক (ঢাকা মেট্টো ট ২২-৬৩২২) তারাকান্দির দিকে যাচ্ছিল। এসময় তালুকদারবাড়ি রেলক্রসিংয়ের গেটম্যান চান মিয়া উপস্থিত ছিলেন না। ফলে রেলক্রসিংয়ের বারটি নামানো না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। গেটম্যান চান মিয়া জুয়া খেলায় আসক্ত, প্রায়ই তিনি কাজে অবহেলা করে থাকেন।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম আমার দেশকে বলেন, গেটম্যান অনুপস্থিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৫ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

