আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়তে চাই

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়তে চাই
ছবি: আমার দেশ

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ‘দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই আমার অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আমাকে কে ভোট দিয়েছেন, কে দেননি, সেটা বিবেচ্য নয়। যারা আমাকে ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি তারাও আমার। আমি সবাইকে নিয়ে, দলমত-নির্বিশেষে অন্যায় ও দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তুলতে চাই।’

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমপি বাবুল আরো বলেন, ‘দলমত-নির্বিশেষে আমি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।

এর আগে, সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

মতবিনিময় শেষে দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও উপস্থিত অতিথিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন