কেন্দুয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

কেন্দুয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের মানববন্ধন
ছবি: আমার দেশ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দুয়া উপজেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার জনগোষ্ঠী।

বিজ্ঞাপন

তারা চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য, নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য পৌঁছে দিয়ে দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বক্তারা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবমাননাকরভাবে ‘দালাল’ বলে আখ্যায়িত করা হয়, যা তাদের পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন করছে। এ ধরনের আচরণে তারা ও তাদের পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া ফারিয়ার সভাপতি সামছুল আলম, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি রিপন আকন্দ, সাধারণ সম্পাদক মো. সুমন খান, সাংগঠনিক সম্পাদক মো. রাছেল ভুইয়া, ম্যানেজার ফোরামের আল মামুন খান ও জাকির হোসেন এবং দপ্তর সম্পাদক হাবিবুর রহমান। পরে বাংলাদেশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি জেলা প্রশাসক, নেত্রকোণার মাধ্যমে পাঠানো হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে প্রায় ৩ লক্ষাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ শিল্পে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ওষুধের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের সহায়ক হিসেবে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিভিন্ন সময়ে অপমান, অবমূল্যায়ন ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন।

ফারিয়া কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন, তারা দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন