রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। বিকালে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ প্ল্যাটফর্মের ব্যানারে ছাত্র-জনতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে মানববন্ধন করেন।
জানা যায়, দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিতে শত শত শিক্ষার্থী জড়ো হন। সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে হাসপাতাল চত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “চাঁদাবাজদের বিচার চাই”, “সোহাগ হত্যার বিচার চাই”-এমন নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের ডা. তরিকুল ইসলাম, বিডিএস ৮ম বর্ষের শিক্ষার্থী শফিউল ইসলাম রাহাত, এম-৫৭ ব্যাচের এস কে কিবরিয়া, আসাদুল্লাহিল আলী, এম-৫৮ ব্যাচের তামিম বিন রফিক, ইমরান হোসাইন ইমন, এম-৫৯ ব্যাচের হারুন অর রশিদ, এম-৬০ ব্যাচের মাহিয়াল শাহরিয়ার এবং এম-৬২ ব্যাচের রাফিকা হায়দার, তুষা ইসলাম ও তাবাসসুম নাবিলা প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “প্রকাশ্যে পাথর ছুড়ে একজন মানুষকে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বর্বরতার চূড়ান্ত উদাহরণ। দেশের মানুষ কোথাও নিরাপদ নয়। সরকার যদি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়, তাহলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে।” তারা আরও বলেন, “এই বাংলায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। ব্যবসায়ী, শিক্ষার্থী, সাধারণ মানুষ কেউ যেন আর সহিংসতার শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।” এদিকে বিকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় সচেতন নাগরিক ও ছাত্র সমাজ প্ল্যাটফর্মের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা বিক্ষোভ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলি, মাহদি হাসান তারেক, সাঈদ ইসলাম, শিক্ষক এসএম রায়হানসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, বিচার না হলে সারা দেশে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে। দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে ছাত্র-জনতা রাজপথে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

