ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসচাপায় অন্তত ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কাজিয়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে একটি যাত্রীবাহী বাস একটি হিউম্যান হলারকে চাপা দিলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানা গেছে, উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অপরদিকে, তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কোদালধর এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।

দুর্ঘটনায় আহত তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ অটোরিকশা ও অ্যাম্বুলেন্সটি আটক করেছে, তবে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন