ময়মনসিংহ নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত যুবলীগ কর্মী মেহেদী হাসানের (৩১) গণপিটুনিতে মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে স্থানীয় লোকজনের পিটুনিতে গুরুতর আহত হওয়ার পর সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেট সংলগ্ন সড়কে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি নিজ বাড়ি থেকে সাত বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডে মেহেদী হাসানসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেন সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন। তার অভিযোগ, মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম, মেহেদীসহ তাদের অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
এদিকে সুরুজ জামান হত্যার প্রতিবাদে রোববার রাতেই বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে আরেকজনের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


