আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫৭ বছরের প্রাচীন জামে মসজিদটি

আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫৭ বছরের প্রাচীন জামে মসজিদটি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের জোড়বাড়ীয়া গ্রামের খান বাড়ি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রায় ২৫৭ বছরের প্রাচীন জামে মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ থেকে প্রায় ২৫৭ বছর পূর্বে এই গ্রামের আয়াত খান নামক এক ব্যক্তি নিজ উদ্যোগে স্থানীয়দের নিয়ে প্রতিষ্ঠা করেন এই প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানটি। ধারণা করা হয়, এটি নবাব শায়েস্তা খানের আমলে নির্মিত।

বিজ্ঞাপন

তৎকালীন সময়ে আশপাশের প্রায় ৪ থেকে ৫টি গ্রামের মুসল্লিরা এই মসজিদে জুমার নামাজ আদায় করতেন। তবে কালের বিবর্তনে সময়ের পরিবর্তন হলেও মসজিদের দৃশ্যমান উন্নয়নে তেমন কোনো পরিবর্তন ঘটেনি।

মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মো. মজিবর রহমান খান জানান, মসজিদের মোট প্রায় ৭ একর জমি রয়েছে। স্থানীয়রা মিলেমিশে এই জমি চাষাবাদ করেন এবং সেখান থেকে প্রাপ্ত আয় ও এলাকাবাসীর সহযোগিতায় ইমাম ও মোয়াজ্জেমের বেতন প্রদান করা হয়।

মসজিদ সংলগ্ন দুইটি পুকুর রয়েছে। নজরুল ইসলাম খান বলেন, মসজিদের বয়স আনুমানিক ২৫৭ বছর। এখানে “বিবির ঘর” নামে একটি স্থান রয়েছে, যেখানে কোনো ব্যক্তি অসুস্থ হলে নিয়ে আসার প্রচলন ছিল।

মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি পুকুর রয়েছে— পশ্চিম পাশে ৫২ শতাংশ এবং পূর্ব পাশে প্রায় ১ একর জমি রয়েছে। এছাড়া মসজিদের দুই পাশে দুটি কবরস্থান রয়েছে।

প্রতি শুক্রবার মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে জায়গার সংকুলান না হওয়ায় মসজিদটি সম্প্রসারণ করে আরেকটি বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এছাড়াও মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রাচীন স্থাপত্যশৈলী দেখতে বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন।

প্রাচীন এই মসজিদের সংস্কার ও সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও দানশীলদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপও প্রত্যাশা করছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন