জামালপুরের তরুণী শাহানাজ এখন তরুণ তুহিন হক

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের তরুণী শাহানাজ এখন তরুণ তুহিন হক

জামালপুরের সরিষাবাড়ীতে তরুণী শাহানাজ আক্তার শারীরিকভাবে রূপান্তরিত হয়ে পুরুষ হয়েছেন। তার নাম এখন তুহিন হক। উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তুহিনের পিতা শামসুল হক জানান, আমার দুই কন্যা ও এক পুত্রের মধ্যে শাহনাজ আক্তার (১৮) ছোট মেয়ে। ঢাকায় গার্মেন্ট কারখানায় কাজ করতো শাহনাজ। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শাহনাজ। পরে ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন দেখা দেয়।

শারীরিক পরিবর্তনের সময় শাহনাজের জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। দীর্ঘ সময় চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের পর চলতি বছরের মার্চ মাসে পরিবার নিশ্চিত হয় শাহনাজ পুরুষে রূপান্তরিত হয়েছেন।

একজন নারীর শারীরিকভাবে রূপান্তরিত হয়ে পুরুষ হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ।

তুহিন জানান, ঢাকায় অবস্থানকালেই তার শারীরিক পরিবর্তন শুরু হয়। বিব্রতকর বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বাধ্য হয়ে পরিবারকে বলেন। এখন তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। এতে তার কোনো সমস্যাও হচ্ছে না, কিংবা কোনো দুঃখও নেই।

তুহিনের পিতামাতা বলেন, এটি আল্লাহর হাতে। আমাদের কারো কোনো কিছু করার নেই। এ ঘটনায় আমরা খুব খুশি।

তুহিনের দুলাভাই মিজানুর রহমান মজা করে বলেন, "আগে তার জন্য পাত্র খুঁজছিলাম, এখন পাত্রী খুঁজতে হবে।"

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের স্বতঃস্ফূর্ত রূপান্তরের নজির নেই। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন