মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর

মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুপুরে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ধাওয় খেয়ে কয়েক যুবক ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নদীর মাঝখানে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল ৫টার দিকে নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, সাড়ে ৪ ঘণ্টা পর বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেছেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আমিন।

তিনি আরো বলেন, ‘আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, আমাদের জানা নেই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণ করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন