ফুলবাড়ীয়ায় স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের ওপর বাস, পথচারীদের চরম দুর্ভোগ

ফুলবাড়ীয়ায় স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের ওপর বাস, পথচারীদের চরম দুর্ভোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে স্থায়ী বাস টার্মিনাল না থাকায় প্রধান সড়কের ওপর গাড়ি পার্কিং করে রাখা হয়। উপজেলা পরিষদ থেকে ভালুকজান ব্রিজ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রধান সড়কের ৫০০ মিটারের মধ্যে রয়েছে বাস টার্মিনাল ও সিএনজিচালিত অটোরিকশার স্টেশন।

স্টেশনগুলো সড়কের ওপর হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় এ পথে চলাচলকারীদের। আলম এশিয়া সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় শত শত গাড়ি প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে। এতে যানজট যেমন লেগে থাকে, তেমনি মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে আসা ফুলবাড়ীয়াগামী যাত্রীবাহী বাসের চালকেরা সড়কের ওপরই যাত্রীদের নামিয়ে দেন। যাত্রী নামানোর পর সড়কের ওপরই গাড়িগুলো পার্কিং ও ধোয়া-মোছার কাজ সেরে নেন তারা।

গাড়িগুলোর মধ্যে শুধু আলম এশিয়া পরিবহনের বাসই রয়েছে ১১০টি। জানা গেছে, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ১৯৬৮ ও ১৯৭২ সালে দুই দফায় লোকাল বাস স্টেশনের জন্য মেইন রোডের পাশে ১৩ শতাংশ জমি ক্রয় করে। বর্তমানে সেই জায়গা অনেকটা বেদখল।

আন্তজেলা বাস সার্ভিসের জন্য আলম এশিয়া পরিবহন লোকাল বাসস্টেশনসংলগ্ন ১৫ শতাংশ জমি টার্মিনালের জন্য ভাড়া নেয়। কিন্তু ওই স্থানে সর্বোচ্চ আটটি বাস রাখতে পারে তারা। বাকি বাসগুলো তারা সড়কের ওপর রাখে। তবে সড়কে বাস পার্ক করে রাখার কারণ হিসেবে পরিবহন মালিক-শ্রমিকরা টার্মিনাল না থাকাকে দায়ী করেন।

পরিবহন মালিকরা বলেন, ‘নির্ধারিত জায়গা দেওয়া হলে সড়ক থেকে এমনিতেই বাস সরিয়ে ফেলব। জায়গা না থাকার কারণেই সড়কের ওপর গাড়িগুলো রাখতে হয়।’

উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়ীয়া কলেজ পর্যন্ত আলম এশিয়ার বাস পার্ক করে রাখা হয়। অথচ সচেতন মহল দীর্ঘদিন ধরে সড়কের ওপর বাস না রাখার দাবি জানিয়ে আসছে। প্রশাসনের নাকের ডগায় যেভাবে রাস্তার ওপর গাড়িগুলো পার্ক করে রাখা হয়, এটা অন্য কোথাও সম্ভব নয়। স্থায়ীভাবে একটি টার্মিনাল করা অতি জরুরি।

ফুলবাড়ীয়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল শিকদার বলেন, ‘বাস টার্মিনাল না হওয়ার পেছনে অনেকটা পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দায়ী। অথচ গাড়ি পার্ক করার জায়গা না থাকায় প্রধান সড়কে গাড়িগুলো রাখতে হয়।’

এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার বলেন, ‘সড়কে যানবাহন পার্ক করে রাখায় জনতার ভোগান্তির বিষয়টি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার বলেছি। পৌর বাস টার্মিনাল করার পরিকল্পনা দীর্ঘদিনের। কিন্তু আর্থিক সংকট ও প্রয়োজনীয় জমি না পাওয়ায় টার্মিনাল করা সম্ভব হচ্ছে না।’

আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান শাজাহান বলেন, ‘বাস টার্মিনাল না থাকায় যাত্রী ও পরিবহন মালিক সবাই সমস্যায় আছি। এলাকাবাসীও ভোগান্তির মধ্যে রয়েছে। আর্থিক সংকটে থাকায় পৌরসভা সমস্যাটি সমাধান করতে পারছে না। আমরা ও ফুলবাড়ীয়াবাসী এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন