ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে সাধারণ মানুষের একমাত্র ভরসা লোকাল ট্রেনটি দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ ৩১ মে ২০২৪ ট্রেনটি মোহনগঞ্জে আসার পর আর চলাচল করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো নিম্ন আয়ের যাত্রীরা।
জানা যায়, মোহনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ২১০ কিলোমিটার রেলপথের মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ অংশের দূরত্ব ৬৮.৫ কিলোমিটার। এই রুটে বর্তমানে হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও মহুয়া কমিউটার ট্রেন চলাচল করলেও স্বল্প খরচে যাতায়াতের জন্য লোকাল ট্রেনের ওপরই ভরসা করতেন সাধারণ মানুষ।
ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত। আবার মোহনগঞ্জ থেকে সকাল সাড়ে ৮টা ও বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহের উদ্দেশে ছাড়ত। শম্ভুগঞ্জ, বিশকা, গৌরীপুর, শ্যামগঞ্জ, চল্লিশানগর, নেত্রকোনা বড় স্টেশন, নেত্রকোনা কোর্ট, ঠাকুরাকোনা, বারহাট্টা ও অতিথপুরসহ ১২টি স্টেশনের যাত্রীরা এতে যাতায়াত করতেন।
ভুক্তভোগী যাত্রীরা জানান, সকালে এই ট্রেনে কর্মস্থলে যাওয়া এবং বিকেলে বাড়ি ফেরা খুব সহজ ছিল। দুই বছর ধরে চরম কষ্ট করে কর্মস্থলে যেতে হচ্ছে। এতে তারা চরম বেকায়দায় আছেন বলে জানান।
আগে মাত্র ৩০ থেকে ৪০ টাকায় নিরাপদে যাতায়াত করা গেলেও এখন বাধ্য হয়ে সিএনজি ও বাসে যাতায়াত করতে হচ্ছে। এতে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ২০০ টাকারও বেশি। প্রতিদিন ঝুঁকিপূর্ণ সড়কে সিএনজি অটোতে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা।
এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে ইঞ্জিন স্বল্পতার কারণেই ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটের লোকাল ট্রেনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনের সংকট কেটে গেলেই ট্রেনটি পুনরায় চালু হবে। কবে নাগাদ চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আশার দিক হলো, এই লোকাল ট্রেন বাতিল হয়নি।
এ প্রসঙ্গে ময়মনসিংহের স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুন জানান, ইঞ্জিন সংকটের কারণে অনেক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনও বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন ও জনবলের সংকট দূর হলেই ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে এই লাইনের লোকাল ট্রেন বাতিল হয়নি।
এলাকাবাসীর দাবি, ইঞ্জিন-স্বল্পতার অজুহাত না দেখিয়ে দ্রুততম সময়ের মধ্যে লোকাল ট্রেনটি পুনরায় চালু করা হোক।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-ba36d4-720x405.webp)