জামালপুর সদর উপজেলায় বালুবাহী ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক রিপন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জয়রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রত্না ভানু ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত পিকআপচালক রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। পিটিআইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আহত পিকআপচালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

