মদনে অবহেলায় পড়ে আছে ৫ কোটি টাকার আশ্রয়কেন্দ্র

মদনে অবহেলায় পড়ে আছে ৫ কোটি টাকার আশ্রয়কেন্দ্র

নেত্রকোনার মদন উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে দুটি দুর্যোগ আশ্রয় কেন্দ্র এখন অবহেলায় পড়ে আছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গোবিন্দশ্রী বড্ডা এলাকায় ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৮৩৪ টাকা এবং একই ইউনিয়নের মণিকা গ্রামের সামনে ২ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা ব্যয়ে কেন্দ্র দুটি নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আশ্রয় কেন্দ্রগুলোর ভেতরে রক্ষণাবেক্ষণের অভাবে দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট হচ্ছে। আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে এসব কিল্লা নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি। এলাকায় গুচ্ছগ্রাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র থাকায় নতুন করে এসব স্থাপনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের প্রতিনিধি আবু হানিফ বলেন, গোবিন্দশ্রী বড্ডা আশ্রয়কেন্দ্রের কাজ প্রায় দুই বছর আগে শেষ হয়েছে। কিন্তু এখনো কেউ এটি বুঝে নিচ্ছে না।

গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন বলেন, শুনেছি বড্ডা আশ্রয়কেন্দ্রে মাদক সেবন ও জুয়া খেলা হয়। আশ্রয় কেন্দ্র দুটি ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হলে নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া যেত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, একই ইউনিয়নে দুটি আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে মণিকা কেন্দ্রটির কাজ শেষ হলেও বড্ডা কেন্দ্রটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এ কারণে কোনো কেন্দ্রই এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রহুল আমিন বলেন, দুর্যোগ আশ্রয়কেন্দ্র দুটি দেখভালের দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও কার্যালয়ের। কেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে আমার জানা নেই।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন