ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে স্থানীয় প্রশাসন ৪২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে, যা ভোট শুরুর আগে নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়তি নজরদারি প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: কেন্দ্র নং-১০: মইলাকান্দা ইউনিয়নের নওপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং-৩০: সিধলা ইউনিয়নের মনাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং-৩২: অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, কেন্দ্র নং-৪৫: বোকাইনগর ইউনিয়নের বেতান্দর উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং-৫৪: রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং-৬৫: মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং-৬৮: সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং-৭৯: ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্র নং-৯১: ভাংনামারি ইউনিয়নের কাশিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং অফিসার ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আমিন পাপ্পা জানান, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব কেন্দ্রে প্রশাসনের নিযুক্ত একজন বডিওয়র্ন ক্যামেরা পরিধানকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এছাড়া ৯২টি কেন্দ্রের বিপরীতে একটি পুলিশের এসঅই সমমর্যাদার অফিসারের নেতৃত্বে ৫ সদস্যের নিরাপত্তা টিম মোতায়েন থাকবে এবং ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, সেনাবাহিনীর ১২০ জন সদস্যও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে, যাদের মধ্যে ১ জন মেজর ও ২ জন ক্যাপ্টেনসহ অন্যান্য ইউনিটের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করবেন।
গৌরীপুর আসনে মোট ভোটার সংখ্যা ২,৯৮,২৬৮ জন, যেখানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

