নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির সাদেক আহমেদ হারিছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাছুম মোস্তফা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে হামলার ঘটনায় রূপ নেয়।
তবে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা দাবি করেন, স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, “আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।”
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর করেছে এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

