ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে মালামাল লুটের পর অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের সামনেই মাকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ডাকাতরা। এ ঘটনায় পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে চরকালীবাড়ি এলাকার প্রবাসীর বাড়িতে পাঁচ যুবক প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়। এ সময় প্রবাসীর ছেলে জগ ও গ্লাসভর্তি পানি নিয়ে দরজার কাছে আসামাত্রই সশস্ত্র ডাকাতদল তাকে একটি গাছের সঙ্গে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতদল ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুলসহ পাঁচ লাখ টাকা মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়। জিনিসপত্র লুট করার পর ডাকাতদলের সদস্যরা ঘরের দরজার সামনে বেঁধে রাখা ছেলের সামনে তার মাকে ধর্ষণ করে। রাজিব নামে ডাকাত দলের এক সদস্য ছেলের সামনে মায়ের দলবদ্ধ ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে এবং ধর্ষিতা ও তার ছেলেকে হুমকি দেয়, আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এ ঘটনা প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গফরগাঁও থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনের পর অভিযানে বের হয়। থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চরকালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে। অভিযুক্ত চারজন পালিয়ে গেলেও রাজিব ডাকাতকে পুলিশ আটক করে। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব ডাকাত পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

