নেত্রকোণায় গোরস্থানের পাশে গাছে বাঁধা সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

নেত্রকোণায় গোরস্থানের পাশে গাছে বাঁধা সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে একটি গোরস্থানের পাশের গাছ থেকে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করার পর লাশ গাছের ডালে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া এলাকার একটি গোরস্থানসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি হলেন কাজল মিয়া (৫৫)। তিনি পাশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। কাজল মিয়া ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎ প্ল্যান্টের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাজল মিয়া গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। আজ সকালে স্থানীয়দের মুখে খবর পেয়ে স্বজনেরা বিরামপুর উত্তরপাড়া এলাকায় যান এবং একটি গাছের ডালে বসা অবস্থায় রশি দিয়ে বাঁধা কাজল মিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে কাজলকে শ্বাসরোধে হত্যা করে লাশ এভাবে গাছে বেঁধে রেখে গেছে। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুর ইসলাম হারুন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন