বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশন, সড়ক অবরোধের পর মামলা

বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশন, সড়ক অবরোধের পর মামলা
দেওয়ানগঞ্জ মডেল থানা

জামালপুরের দেওয়ানগঞ্জে বহুল আলোচিত মিষ্টি আক্তার ও সেনাসদস্য জীবন মিয়ার প্রেমের টানাপোড়েন, দীর্ঘ ১০ দিনের অনশন, বিয়ের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধের ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। একাধিকবার স্থানীয় সালিশ-বৈঠক করেও কোনো সমঝোতা না হওয়ায় ভুক্তভোগী তরুণীর বাবা খসরু মিয়া বাদী হয়ে এই আইনি পদক্ষেপ নেন।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় অপহরণ, শারীরিক মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি রুজু করা হয়। এতে সেনাসদস্য জীবন মিয়াকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে এজাহার জমা দেওয়া হয়েছে।

মিষ্টি আক্তারের পরিবারের দেওয়া তথ্যমতে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খসরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তার স্থানীয় একটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত জীবন মিয়া উপজেলার তারাটিয়া-পোড়াভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত। প্রায় চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জীবন মিয়া স্থানীয় একটি বাজার থেকে মিষ্টিকে তার নিজ বাড়িতে নিয়ে যান। এরপর কৌশলে জীবন বাড়ি থেকে সটকে পড়েন। পরিস্থিতি বুঝে মিষ্টি বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন। অভিযোগ উঠেছে, জীবন মিয়ার বাড়িতে অবস্থানকালে মিষ্টির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নির্যাতন সত্ত্বেও মিষ্টি টানা ১০ দিন ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যান।

ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে দুই পরিবারের মধ্যে একাধিক আলোচনা ও সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। এর মধ্যে মিষ্টির নিরাপত্তা, নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে তার স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি সমাধানের জোর দাবি জানান।

ঘটনার পর থেকে অভিযুক্ত সেনাসদস্য জীবন মিয়া পলাতক থাকায় এ বিষয়ে তার কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মিষ্টি ও সেনাসদস্য জীবন মিয়ার প্রেমের জের ধরে সৃষ্ট ঘটনায় তরুণীর বাবা খসরু মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারের ভিত্তিতে সার্বিক বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন