জামালপুরে রাজিব পরিবহনের সকল বাস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।
এদিকে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সকল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।
সোমবার দুপুরে পৌর শহরের আন্ত:জেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
এর আগে রোববার সকালে জামালপুর সদরের শরিফপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাসের সাথে যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী উঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সাথে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধে বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ৬ দফা দাবি ও রাজিব পরিবহণের সকল বাস সার্ভিস বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধের এক পর্যায়ে বাসের শ্রমিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনির (৩২) নামে বাসের এক শ্রমিক আহত হয়। অবরোধ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সকল বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ। কিন্তু রাজধানী ঢাকাসহ সকল রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফায়সাল আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানে অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

