আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীবরদীতে রেজাউলের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শ্রীবরদীতে রেজাউলের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
ছবি: আমার দেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতের পর রেজাউলের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আজ রবিবার সকাল ১০টা ৫৮ মিনিটে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা স্কুল মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। সেখান থেকে চাউলিয়া গ্রামে নিহত রেজাউলের পারিবারিক কবরস্থানে যান ডা. শফিকুর রহমান। পরে রেজাউলের বাবা মাওলানা আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন এবং জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন আমিরে জামায়াত। এরপর রেজাউলের বাড়ি গিয়ে তার স্ত্রী-সন্তানদের খোঁজখবর নেন এবং রেজাউলের অবুঝ সন্তানকে বুকে জড়িয়ে ধরেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, 'নিহত রেজাউলের অবুঝ সন্তানকে আমি বুকে নিয়েছি। রেজাউলের আমানত আমি আপনাদের জিম্মায় রেখে গেলাম। ১২ তারিখ ভোট ব্যালটের মাধ্যমে আপনারা এর জবাব দেবেন।'

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো. ছামিউল হক ফারুকী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি প্রার্থী মু. নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা আমির আজাহারুল ইসলাম মিষ্টারসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী শ্রীবরদীতে রেজাউলের কবর জিয়ারত ও দোয়া শেষ করে ১২টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে শেরপুরের দারোগা আলী পৌর পার্কের জনসভার উদ্দেশ্যে রওয়ানা হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

গত বুধবার(২৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হয়ে তিনি মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন