বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং আসিফ সিরাজ রব্বানী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয়ে সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুটন) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মাদকের বিরুদ্ধে শুধু ‘না’ বললে হবে না, এর শেকড় উপড়ে ফেলতে হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি কোনো পালানোর দল নয়, জামায়াতও পালানোর দল নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনীতির মাঠে প্রতিযোগিতা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। জামায়াতে ইসলাম এখন বুদ্ধির রাজনীতি করছে। জনগণের সমর্থন নিয়েই তাদের সাথে বুদ্ধি দিয়ে রাজনৈতিক লড়াই করতে হবে। আওয়ামীলীগ তো পালিয়ে গেছে। তাদের ফেরার রাস্তা তারা নিজেরাই বন্ধ করেছে। তাই তাদের ফেরার কোন সুযোগ নেই।
বক্তারা গোলাম মোহাম্মদ সিরাজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়া এবং আসিফ সিরাজ রব্বানীর বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে শেরপুর-ধুনটবাসীর জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাদের অভিনন্দন জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

