বাঁশখালীতে খোলা আকাশের নিচে বন্যায় গৃহহারা মানুষ

বাঁশখালীতে খোলা আকাশের নিচে বন্যায় গৃহহারা মানুষ
বাঁশখালীতে খোলা আকাশের নিচে বন্যায় গৃহহারা মানুষ। ছবি: আমার দেশ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় চট্টগ্রামের বাঁশখালীর ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন । বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ । এতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি বেড়েই চলেছে ।

জানা গেছে, বন্যায় বিভিন্ন খাতে বাঁশখালীতে ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার। তলিয়ে গেছে অনেকের মাথা গোঁজার ঠাঁই ঘর, ভেসে গেছে ফসলের বীজতলা, পুকুর ও ঘেরের মাছ এবং ছিন্নভিন্ন হয়ে গেছে গ্রামীণ অবকাঠামো, চলাচলের রাস্তাঘাট। বন্যার পানি নেমে গেলেও হাজারো পরিবারের ঘরে ফেরার পথ এখনো অনিশ্চিত। গৃহহারা অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে পুনর্বাসন করার দাবি উঠেছে।

বিজ্ঞাপন

এদিকে জরুরি ত্রাণের পাশাপাশি শিগগিরই টেকসই আবাসন নির্মাণের পরিকল্পনা নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরুর কথা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মো. জকরিয়া। সম্প্রতি তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এলে বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেন এবং টেকসই আবাসন নির্মাণের পরিকল্পনার কথা জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছনুয়া, ছেলবন, তোতকখালী, মধুখালি, শেখেরখীল, নাপোড়া, পুঁইছড়ী, জলদী, আশকরিয়া, দীঘিরপাড়, শীলকুপ, সরল, মিনজিরিতলা, খালাইচ্চার দোকান, বৈলছড়ী, কাথারিয়া, গুনাগারি, বাহারছড়া, খানখানাবাদ ও পুকুরিয়ায় বন্যার পানি সরে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকায় ১২ হাজারেরও বেশি মাটির ঘর সম্পূর্ণ বিধ্বস্ত। অনেক পরিবার এখনো খোলা আকাশের নিচে কিংবা ভাঙা ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন।

বাঁশখালীর বহুল আলোচিত কর্মবীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, বানভাসি মানুষদেরকে সবধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের উপযুক্ত পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো- গৃহহারা মানুষদের স্থায়ীভাবে পুনর্বাসন করা। এ লক্ষে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সহযোগিতাও নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন