ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিরাজ করছে উৎসবের আমেজ । হাওরপাড়ের এ জনপদজুড়ে চলছে ভোটের অঙ্ক কষা, চুলচেরা বিশ্লেষণ আর সম্ভাব্য ফলের হিসাব-নিকাশ। বিশেষ করে পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন সবচেয়ে বেশি।
এই দুই আসনে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বিপাকে পড়েছেন দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থীরা। মাঠপর্যায়ের বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের অনেকেই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে স্বীকার করছেন—এই দুই আসনে ধানের শীষের লড়াই মোটেও নির্ভার নয়।
সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। প্রতীক বরাদ্দের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হলেও, চারবারের উপজেলা চেয়ারম্যান ও একবারের পৌরসভার চেয়ারম্যান হিসেবে মাঠে তার রয়েছে শক্তিশালী অবস্থান ও সাংগঠনিক প্রভাব। এতে করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নুরুল চাপের মুখে পড়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
অন্যদিকে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রতীক বরাদ্দের পর তিনিও দল থেকে বহিষ্কৃত হন। শান্তিগঞ্জ উপজেলার একক প্রার্থী হওয়ায় সেখানকার আঞ্চলিক ভোট তার দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএনপির ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমেদ বড় ধরনের ধাক্কা খেতে পারেন—এমন শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটেও রয়েছে জটিলতা। সুনামগঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসীন খাঁন মনোনয়ন প্রত্যাহার করায় এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের মোট তিনজন প্রার্থী উন্মুক্তভাবে মাঠে নামায় জোটের ভেতরেই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
এ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল প্রতীক) ভোটের মাঠে বেশ সক্রিয় ও আলোচিত। তার ক্লিন ইমেজ ও পারিবারিক ঐতিহ্য ভোটারদের আকর্ষণ করছে। বিপরীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ঘিরে রয়েছে সমালোচনা। আগের ডামি নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানোর বিষয়টি ভোটের মাঠে নেতিবাচক আলোচনায় এসেছে। সব মিলিয়ে সুনামগঞ্জের পাঁচ আসনেই ভোটের সমীকরণ জটিল ও অনিশ্চিত। বিদ্রোহী প্রার্থী, জোটের ভাঙন আর আঞ্চলিক সমীকরণ—সবকিছু মিলিয়ে এ জেলায় ভোটের লড়াই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হবিগঞ্জ-৩ আসনে গণভোট নিয়ে সচেতনতা নেই
বিএনপির গফুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন না