আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করেই পুঁজিবাজারে আসতে হবে: বিএসইসি চেয়ারম্যান

আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করেই পুঁজিবাজারে আসতে হবে: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

পুঁজিবাজারে আসতে আগ্রহী মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ আর্থিক প্রস্তুতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন। তাই কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে তার ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

সোমবার বিএসইসি ও যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ গ্রহণের প্রস্তুতিবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিএসইসি ভবনে দুইদিনের এ কর্মশালা শুরু হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিকাশে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায়। তবে পুঁজিবাজারে আসার আগে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন।

তিনি আরো বলেন, বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন। তাই বিনিয়োগের সিদ্ধান্ত যথাযথ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হওয়া জরুরি। এ জন্য কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।

বিএসইসি চেয়ারম্যান উদ্যোক্তাদের স্বচ্ছতা, পেশাদার ব্যবস্থাপনা ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানান।

বিএসইসি ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক মূল্যায়ন, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ, বিনিয়োগকারীদের সামনে ব্যবসার পরিকল্পনা উপস্থাপন এবং অর্থায়ন সংগ্রহের প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের প্রশিক্ষক গগনদীপ সিং বকশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...