গত সরকারের আমলে নিয়ম ছিল যে যত পার ঋণ দাও: গভর্নর

গত সরকারের আমলে নিয়ম ছিল যে যত পার ঋণ দাও: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গত সরকারের আমলে নিয়ম ছিল যে যত পার ঋণ দাও ও নাও। এখনকার চিত্র সেটি নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করছি। যেখানে পরিবারতন্ত্র ও পরিচালকদের হার কমানো হচ্ছে। আশা করি আগামী তিন-চার বছরের মধ্যে ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন এ মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংক মার্জার করা হলেও আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। তারা তাদের পুরো অর্থই ফেরত পাবেন। ব্যাংকগুলোর বর্তমান যে চিত্র, মার্জার হলে আরো ভালো হবে। এবার বড় আকারে সার্জারি করা হবে। সরকার বড় অঙ্কের তহবিল জোগান দেবে। মুনাফাসহ সেই টাকা ফেরত নিতে পারবে সরকার।

তিনি বলেন, সরকার ব্যাংক ব্যাংক কেনার জন্য যায়নি। জনগণের স্বার্থ রক্ষার জন্য গেছে। এসব ব্যাংকে এক বছরের সময় দেওয়া হয়েছিল। তারা উন্নতি করতে পারেনি। তাই এখন আমরা এখানে হস্তক্ষেপ করছি।

গভর্নর বলেন, গত বছরের এই সময়ে কেউ আমদানি করতে চাইলেও আমরা তা দিতে পারিনি। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। যেকেউ চাইলেই আমদানি করতে পারছে । এখন যে যার ইচ্ছামতো আমদানি করবে তাতে বাধা নেই।

তিনি বলেন, কাঁচামাল আমদানি বেড়েছে। আগামী ১-২ বছর যদি গার্মেন্টস খাতে বিনিয়োগ নাও হয়, তবুও আমাদের রপ্তানি কমবে না। কারণ গার্মেন্টসগুলো তাদের সক্ষমতার সর্বোচ্চ ধাপে এখনো পৌঁছায়নি। বিনিয়োগ বাড়ানো কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। ঋণের উপযোগী তহবিল বেশি হলেই বিনিয়োগ বাড়বে।

ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত থাকার কথা তুলে ধরে গভর্নর বলেন, ব্যাংক খাত থেকে ডলার কেনার কারণে প্রায় ৬ হাজার কোটি টাকা বাজারে ঢুকেছে। ফলে শেয়ারবাজারও ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কর্মসংস্থান আগামীতে আরো চ্যালেঞ্জিং হবে এআই প্রযুক্তির কারণে। তা নিয়ে বিশ্বব্যাপী চিন্তা হচ্ছে। তবে বাংলাদেশে মানসম্পন্ন লোক তৈরি হচ্ছে না। এখানে এক ধরনের অস্থিরতাও রয়েছে। কেউ দীর্ঘদিন চাকরিতে স্থির হয়ে থাকতে পারছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন