রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ নিশ্চিত করতে দশটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, আমদানিকারকেরা এখন থেকে এসব পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানি করতে পারবেন। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) বা ক্রেতার ঋণ (বায়ার্স ক্রেডিট), এই দুইয়ের যেকোনোটির আওতায় সুবিধাটি নেওয়া যাবে।
ফলে পণ্য দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমদানিকারককে পুরো মূল্য পরিশোধ করতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে বা বিলম্বে তারা মূল্য পরিশোধ করতে পারবেন। এতে পণ্য বিক্রির অর্থ দিয়েই ব্যাংকের দায় মেটানোর সুযোগ তৈরি হবে।
এর আগে গত ৮ নভেম্বর রমজানকে সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে বলা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

