কর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে এক শ্রেণীর প্রতারক চক্র যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে করদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রোববার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে করদাতাদের নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখার জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে-
লিখিত নোটিশ ব্যতীত কোনো যোগাযোগ নয়: জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
আর্থিক লেনদেনে সতর্কতা: কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
তথ্য যাচাই করুন: এই ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
আইনি ব্যবস্থা: কোনো প্রতারকচক্র যদি এনবিআর-এর কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করুন এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করুন। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই এই ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

