মোবাইল রোমিং সেবার বিপরীতে চার্জ বাবদ অর্থ টাকায় নেওয়ার জন্য মোবাইল অপারেটরদেরকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশগামী বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য মোবাইল রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, একজন গ্রাহকের কাছ থেকে প্রতিবার ভ্রমনে সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং প্রতি এক বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত টাকায় বিল নেয়া যাবে।
রোমিং সেবা চালু করার সময় মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করা হলেও সীমা অতিক্রম করা যাবে না। ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে। রোমিং সেবা ভ্রমনের এক সপ্তাহ আগে চালু করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মোবাইল অপারেটররা বিদেশের নেটওয়ার্ক অপারেটরদেরকে অর্থ পরিশোধ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দিষ্ট কিছু নির্দেশনা পরিপালন করতে হবে।
এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় রোমিং সেবা গ্রহণ করতে পারতেন। টাকায় বিল পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি দরকার হতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

