জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরাপত্তা বৃদ্ধিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের নীচতলায় ২০ জনের মতো পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
দায়িত্বপালনরত একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, আমরা আজ সকাল থেকে এনবিআরের নিরাপত্তায় কাজ কাজ করছি। বেলা ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল ডিএমপির পক্ষ থেকে আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবন থেকে বিডা কার্যালয় পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের স্ট্রাইকিং ফোর্স এলাকায় টহল দিচ্ছে বলে জানা গেছে।
এনবিআর সংস্কার নিয়ে কর্মকর্তাদের একটি গ্রুপ কয়েকটি দাবি জানিয়ে নতুন করে কলমবিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করার কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের দাবিগুলোর মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে।
ইতোপূর্বে তাকে এনবিআর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন তারা। এছাড়া এনবিআর সংস্কারে গঠিত কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

