প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার বাড়লেও আর্থিক ব্যয় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার

প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার বাড়লেও আর্থিক ব্যয় কমেছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সামান্য বেশি হলেও আর্থিক ব্যয় কমেছে। এ সময়ে বাস্তবায়ন হয়েছে ৩০ দশমিক ৩১ শতাংশ। তবে প্রকৃত আর্থিক ব্যয় ৬৩ হাজার ৩২৭ দমশিক ৫৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২২৫ দশমিক ৬৮ কোটি টাকা কম।

বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে জুলাই-ফেব্রুয়ারি সময়ে ১ হাজার ৩৩৩টি প্রকল্পে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৬৩ হাজার ৩২৭ কোটি ৫৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৩০ দশমিক ৩১ শতাংশ। অর্থবছরের দুই-তৃতীয়াংশ সময় পার হলেও বাস্তবায়নের হার ৩০ শতাংশের ঘরে আটকে থাকায় প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১২ হাজার ৭৭১ কোটি ২৩ লাখ টাকা, যা মোট এডিপির ৬ দশমিক ১১ শতাংশ। আগের অর্থবছরের একই মাসে ব্যয় ছিল ৭ হাজার ৬৭৬ কোটি ৩৩ লাখ টাকা বা ৩ দশমিক ৩৯ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৯ দশমিক ৮৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন ছিল ৩৩ দশমিক ৬৫ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৩৪ দশমিক ৭৪ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ৩৮ দশমিক ৬০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়সীমায় বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যয়ের গতি অত্যন্ত ধীর ছিল। অনেক ক্ষেত্রেই মোট বরাদ্দের ১৫ শতাংশের কম অর্থ ব্যয় হয়েছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ সবচেয়ে পিছিয়ে, যেখানে ব্যয় হয়েছে মাত্র ৩ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৭ দশমিক ৫১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৯ দশমিক ৬৫ শতাংশ এবং নির্বাচন কমিশন সচিবালয়ে ১০ দশমিক ৯৪ শতাংশ ব্যয় হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১২ দশমিক ৬৭ শতাংশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১২ দশমিক ৮৭ শতাংশ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১২ দশমিক ৭৪ শতাংশ এবং পরিকল্পনা বিভাগ ১৪ দশমিক ২২ শতাংশ অর্থ ব্যবহার করতে পেরেছে।

অন্যদিকে ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যেখানে মোট বরাদ্দের ৭০ দশমিক ৭৪ শতাংশ ব্যয় হয়েছে। তুলনামূলক ভালো অবস্থানে থাকা অন্যান্য দপ্তরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ৬৪ দশমিক ২১ শতাংশ, খাদ্য মন্ত্রণালয় ৬২ দশমিক ১৩ শতাংশ, বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় ৫৯ দশমিক ৩২ শতাংশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ৫৬ দশমিক শূন্য ৫ শতাংশ ব্যয় সম্পন্ন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন