চেয়ারম্যান ও কর্মকর্তাদের নিয়ে গুজব: ব্যবস্থা নেবে এনবিআর

চেয়ারম্যান ও কর্মকর্তাদের নিয়ে গুজব: ব্যবস্থা নেবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গুজবকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এনবিআর জন সংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিট এর কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত গুজব এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরীর চেষ্টা চলছে। এটি এনবিআরের নজরে এসেছে। অনুসন্ধানে জানা গেছে যে, বিদেশে নিবন্ধনকৃত একটি ফোন নাম্বার এবং একটি AI software ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ। যে বা যারা এ কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণকে এইসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন